PRB Post

৯ আগস্ট, ২০২৬, ১:১২ PMসারাদেশ

বাঘারপাড়ায় নিজ বাড়িতে মা-ছেলের মরদেহ

PRB Post

৯ আগস্ট, ২০২৬ এ ১:১২ PM1 মিনিট পড়া

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

বাঘারপাড়ায় নিজ বাড়িতে মা-ছেলের মরদেহ

যশোরের বাঘারপাড়ায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে জিসান।

স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন জানান, রাতে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন। একই খাটে জুবায়দার মরদেহও ছিল। তার গলায় ওড়না পেঁচানো এবং ওড়নার দুই প্রান্ত দুই হাতে ধরা ছিল।

খবর পেয়ে জুবায়দার স্বামী জাকির হোসেনকে জানানো হয়। ঘটনার সময় তিনি বহরামপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’

নিহত জুবায়দার ছোট বোন পিঞ্জিরা জানান, জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন