PRB Post

২১ আগস্ট, ২০২৬, ১:৫৯ PMজাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

PRB Post

২১ আগস্ট, ২০২৬ এ ১:৫৯ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে এগিয়ে যাবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি তৈরি হওয়ায় তিনি স্বাগত জানান। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন।

অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

আরও পড়ুন