অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার কোনো স্থানীয় সরকার সংস্থায় এই পদ অর্জনকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হওয়ার গৌরব অর্জন করলেন।
ক্যামডেন কাউন্সিলের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাউন্সিলের সাধারণ সভায় সহকর্মী কাউন্সিলরদের ভোটে তিনি নির্বাচিত হন। একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা বলেন, "এই দায়িত্বে থেকে সেবা প্রদান করা সত্যিই রোমাঞ্চকর।"
তিনি আরও বলেন, "আমার নতুন দায়িত্বে এই চমৎকার সম্প্রদায়ের সেবা চালিয়ে যাওয়ার জন্য আমি তর সয়ে অপেক্ষা করছি। আমরা একসঙ্গে যেসব অর্জন করতে পারব, সেগুলোর জন্য আমি উন্মুখ হয়ে আছি।"
তার এই নির্বাচনের মাধ্যমে এলিজা হলেন অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার সংস্থায় ডেপুটি মেয়র পদ অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ক্যামডেনের নিকটবর্তী ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন মাসুদ খলিল।
