PRB Post

২৭ আগস্ট, ২০২৬, ২:১১ PMজাতীয়

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

PRB Post

২৭ আগস্ট, ২০২৬ এ ২:১১ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও জেলায় নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির।

প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে খন্দকার আশফাকুজ্জামানকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে বরগুনায়, শাহ শিবলী সাদিককে মাগুরা থেকে গাজীপুরে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধায় এবং দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে, বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দেকে এপিবিএনে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায় এবং পিটিসি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায়, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুরে এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এসএমপি, সিলেটে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ১৯ আগস্টের প্রজ্ঞাপনে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৬ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

 

 

আরও পড়ুন