চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ ট্রলিযোগে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রমের সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তার ট্রলিকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।
