PRB Post

১০ আগস্ট, ২০২৬, ২:০৫ PMজাতীয়

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : ভারতীয় হাইকমিশনার

PRB Post

১০ আগস্ট, ২০২৬ এ ২:০৫ PM1 মিনিট পড়া
আপডেট: ১০ আগস্ট, ২০২৬ এ ৫:২৮ PM

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দুই দেশের জনগণও পারস্পরিক সুন্দর সম্পর্ক প্রত্যাশা করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারতের জনগণ চায় দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রীও সুন্দর সম্পর্ক চান। আশা করি, ভবিষ্যতে ভালো কিছু হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তাদের সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগল। খুবই আন্তরিকভাবে আলোচনা হয়েছে।’

দুই দেশের সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে—এটাই স্বাভাবিক। এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক ইস্যু আছে, থাকবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এর মধ্যেই দুই দেশের সম্পর্কের বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটিই প্রথম সাক্ষাৎ। এর আগে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন