PRB Post

২৩ আগস্ট, ২০২৬, ৩:৪৬ PMসারাদেশ

তালাবদ্ধ ফ্ল্যাটে শিশুদের কান্না, ভেতরে মিলল মায়ের মরদেহ

PRB Post

২৩ আগস্ট, ২০২৬ এ ৩:৪৬ PM2 মিনিট পড়া

জামালপুর প্রতিনিধি

তালাবদ্ধ ফ্ল্যাটে শিশুদের কান্না, ভেতরে মিলল মায়ের মরদেহ

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশুসন্তানকেও জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন পলাতক রয়েছেন। তাদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে গাড়িয়াডাঙ্গা এলাকার একটি ভবননের পাঁচ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল। দীর্ঘক্ষণ ধরে তাদের কান্না ও আকুতিতে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি ভবনের মালিককে জানানো হলে ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা ঝুলতে দেখা যায়।

এরপর স্থানীয়রা তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করেন। পরে ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে জামালপুর সদর থানা পুলিশ ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে। তার ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার ও পাঁচ বছর বয়সী ছেলে মমিন শাহরিয়ার বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

নিহতের মেয়ে সামিয়া আক্তার জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে ইসরাত জাহানের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পলাতক স্বামী কাউসার আহম্মেদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন