PRB Post

২৩ আগস্ট, ২০২৬, ৪:৩১ PMরাজনীতি

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন

PRB Post

২৩ আগস্ট, ২০২৬ এ ৪:৩১ PM2 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন

স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন কিন্তু স্থানীয় নির্বাচনে সেই সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

লোডশেডিং নিয়ে দেশের মানুষ চরম কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়টি অনুধাবন করছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি। তার দাবি, এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে দুঃখপ্রকাশ করেননি।

রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে, বিদ্যুতের বর্তমান সংকটের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতের সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্রব্যবস্থার মধ্যে শরিয়াহ আইনও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন