PRB Post

১১ আগস্ট, ২০২৬, ১:০১ PMজাতীয়

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা

PRB Post

১১ আগস্ট, ২০২৬ এ ১:০১ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও ব্যক্তি হিসেবে ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সাকিব দেশে ফিরলে তিনি নিরাপত্তাহীন থাকবেন কি না, সেটি সাংবাদিককেই বিবেচনা করতে বলেন তিনি।

সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে উপদেষ্টা বলেন, ভালো খেলোয়াড় হওয়া এক বিষয়, কিন্তু যে ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন এবং এখনো সেই অবস্থানে রয়েছেন, তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে।

সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, সাকিব বাংলাদেশে এলে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিমানবন্দরে নামার পর তাকে কেউ মব করে ক্ষতি করবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই।

তিনি বলেন, সাকিব যদি দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও আইনগত বিষয়গুলো মেনে নিয়ে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেন, তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সাকিবের সাম্প্রতিক বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সঙ্গে যারা এখনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত থেকে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তাদের বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনিও যদি বাংলাদেশে ফেরেন, তাহলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন এবং একজন নাগরিক হিসেবে বিচারিক প্রক্রিয়ায় তার প্রাপ্য অধিকার ভোগ করবেন। আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ দেখতে চান না জানিয়ে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিও তার নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন না। সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—সবার ক্ষেত্রেই আইন ও বিচারিক প্রক্রিয়ায় প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে।

আরও পড়ুন