ন্যাটো ও বাল্টিক অঞ্চলের ওপর হামলা রোধ এবং ইরানের সঙ্গে রাশিয়ার সামারিক সহযোগিতা কমানোর লক্ষ্যে সম্প্রতি একটি গোপন সফরে মস্কো গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র্যাটক্লিফ। গত মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাটক্লিফ সরকারি একটি উড়োজাহাজে মস্কো যান বলে খবর পাওয়া যায়।
তবে তার এই আকস্মিক ও আগে থেকে ঘোষণা না দেওয়া সফরকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এই সফরের মূল লক্ষ্য ছিল রাশিয়াকে সতর্ক করা, যেন তারা এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার মতো বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলোর ওপর কোনো ধরনের সামরিক বা হাইব্রিড অভিযান না চালায়। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছিল যে, ইউক্রেন যুদ্ধের এই উত্তেজনার সুযোগে পুতিন সীমিত আকারে ন্যাটোর প্রতিরক্ষা ক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করতে পারেন।
এই সফরে ন্যাটোর পাশাপাশি ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহায়তা কমানোর জন্য মস্কোকে চাপ দেন সিআইএ প্রধান। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ-যোগাযোগ স্বাভাবিক রাখা এবং তেহরানকে প্রযুক্তিগত বা গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা জানিয়ে দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরটিকে ‘আধা-নিয়মিত’ এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনা করেছেন।
অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে এই আলোচনা ইতিবাচক, তবে তিনি সফর ও আলোচনার বিষয়বস্তুর বিস্তারিত নিয়ে মন্তব্য করেননি।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটাই প্রথম মস্কো সফর, যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূত্র: সামা টিভি
