PRB Post

২৯ আগস্ট, ২০২৬, ৪:২১ PMখেলাধুলা

রোনালদোর গোল রেকর্ড, আল নাসরের জয়

PRB Post

২৯ আগস্ট, ২০২৬ এ ৪:২১ PM2 মিনিট পড়া
আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ এ ৪:২২ PM

স্পোর্টস ডেস্ক

রোনালদোর গোল রেকর্ড, আল নাসরের জয়

ক্যারিয়ারের ৯৭৮তম গোলের করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

যে বয়সে অবসর নিয়ে নিজের ক্যারিয়ারের হিসাব-নিকাশ করার কথা সে বয়সে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। এখন তার বয়স ৪১ বছর। এ বয়সেই করছেন একের পর এক রেকর্ড। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

শুক্রবার (২৮ আগস্ট) রাতে আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় আল নাসর। দলের পক্ষে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।

ম্যাচের ৫০ মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।

আল সাহলাওয়ের সেই রেকর্ড ছাড়িয়ে যেতে তিন বছরের একটু বেশি সময় নিয়েছেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন এই পর্তুগিজ সুপারস্টার। আল তাওউনের বিপক্ষে গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর ২২ গোল চাই রোনালদোর।

ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১ মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।

এরপর ৫০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এতে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল নাসর। 
 

আরও পড়ুন