PRB Post

১৭ আগস্ট, ২০২৬, ১১:১৯ AMআন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬

PRB Post

১৭ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৬

 

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের সামনে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে তারাপীঠ থানার কাছাকাছি ‘বিদেশিনী’ নামের পাঁচতলা হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রাবণ মাসের বিশেষ পূজা উপলক্ষে তারাপীঠে আসা পুণ্যার্থীরা ওই হোটেলে অবস্থান করছিলেন।

হোটেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহের মিনিয়েচার সার্কিট ব্রেকার (এমসিবি) বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

আগুন লাগার পর দ্রুত তা হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল। মুহূর্তের মধ্যে হোটেলের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে কক্ষে আটকা পড়েন।

হোটেল মালিক কল্যাণ পাল জানান, রাতপাহারার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় সামগ্রীতে আগুন ধরে যাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আগুনের ধোঁয়া পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আতঙ্কিত অতিথিরা দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। হোটেলের পেছনের দিকে একটি বের হওয়ার দরজা থাকলেও অনেকে সেটি খুঁজে না পাওয়ায় রিসেপশনের দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন আগুনে দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে হোটেলের নিচতলার বড় একটি অংশ পুড়ে গেছে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার, পিটিআই

আরও পড়ুন