PRB Post

২৩ আগস্ট, ২০২৬, ৭:১৫ PMসারাদেশ

নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

PRB Post

২৩ আগস্ট, ২০২৬ এ ৭:১৫ PM1 মিনিট পড়া

নরসিংদী প্রতিনিধি

নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর সৌরভ (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার উত্তর বাখরনগর এলাকার সাধুর আখড়া সংলগ্ন নদী থেকে স্বজন ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত সৌরভ বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে। সে স্থানীয় এএনএম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার পর উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নামে সৌরভ। সাঁতার না জানায় প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাধুর আখড়া সংলগ্ন নদীতে সৌরভের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পর প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন