ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনী এ হামলা চালায়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এবারই প্রথম সরাসরি কোনো ইরানি জাহাজে হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি।
মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর আওতায় ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা হামলা হিসেবে ইরানের ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হবে।
হামলার শিকার দুটি ট্যাংকার ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। মার্কিন বাহিনী ট্যাংকার দুটির ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে জাহাজ দুটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, গত কয়েক দিনে ইরান মার্কিন ট্যাংকার ও সেনাদের ওপর যেসব হামলা চালিয়েছে, তার প্রতিশোধ হিসেবেই ইরানি ট্যাংকারে এ হামলা চালানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে ইরান যাতে নিজেদের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পরিকল্পনা নিয়েছে। ট্যাংকারে হামলাকে ওই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, মঙ্গলবার রাতে ইরান প্রায় ১০০টি হামলা চালিয়েছে।
সূত্র: অ্যাক্সিওস, এমটিআই
