PRB Post

২৭ আগস্ট, ২০২৬, ১০:৫৪ AMবিনোদন

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা

PRB Post

২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৫৪ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তার মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের পরিবার গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি অসাধু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

এদিকে প্রিয় নেতার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা যৌথ বিবৃতিতে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে গুজবের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে যথাযথভাবে যাচাই না করে কোনো তথ্য প্রকাশ করা অনৈতিক। যাচাই ছাড়া এমন গুজব ছড়িয়ে পড়ায় ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। সেখানে আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে চিকিৎসকরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলমান রয়েছে।

আরও পড়ুন