জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ছুটি রিসোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাংগালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৪০০টি দেশীয় বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। বৃক্ষরোপণ শেষে তিনি ছুটি রিসোর্ট গাজীপুর পরিদর্শন করেন।
এ সময় গাজীপুর জেলায় গড়ে ওঠা বিভিন্ন রিসোর্ট ও পর্যটনকেন্দ্রের সম্ভাবনা, উন্নয়ন এবং ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। পর্যটন ও ট্যুরিজম খাতকে আরও উৎসাহিত ও বিকশিত করতে স্থানীয় প্রশাসন, কর্মকর্তা ও নেতৃবৃন্দকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন সংসদ সদস্য।
তিনি বলেন, পরিকল্পিত পর্যটন উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে সমান গুরুত্ব দিতে হবে। পর্যটনকেন্দ্রগুলোকে নান্দনিক করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসইভাবে গড়ে তুলতে হবে।
পরিদর্শনকালে ছুটি রিসোর্ট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্মারক বৃক্ষটি পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটনের প্রতি সম্মিলিত অঙ্গীকারের প্রতীক হিসেবে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফি, ছুটি রিসোর্ট গাজীপুরের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ছুটি রিসোর্ট পূর্বাচলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফেরদৌস এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ছুটি রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং দেশের পর্যটনকেন্দ্রগুলোকে আরও নান্দনিক, টেকসই ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে তাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৫০০টি দেশীয় বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি গাজীপুরের পর্যটন খাতের সম্ভাবনাকে আরও বিকশিত করা সম্ভব হবে। সবুজ বাংলাদেশ, নান্দনিক পর্যটন ও টেকসই ভবিষ্যৎ—এই লক্ষ্যেই ছুটি রিসোর্টের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
