PRB Post

১২ আগস্ট, ২০২৬, ২:২২ PMঅন্যান্য

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ২:২২ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভর্তি আবেদনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী সোমবারের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হতে পারে। বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারও গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় কলেজ পর্যায়ে বিপুলসংখ্যক আসন খালি থাকার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে একাদশ শ্রেণিতে প্রায় সাড়ে ২৭ লাখ আসন রয়েছে। বিপরীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, দেশে সাধারণ কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৩১৪টি। এসব প্রতিষ্ঠানে মোট আসন প্রায় সাড়ে ২৭ লাখ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮ হাজার ৭১টি কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ ৯০ হাজার ৩৮৭টি। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক হাজারের বেশি প্রতিষ্ঠানে আসন রয়েছে দেড় লাখের বেশি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তবে আগের বছরগুলোর হিসাব অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রায় ৫ থেকে ১০ শতাংশ কলেজে ভর্তি হয় না। ফলে এবার উচ্চমাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক আসন খালি থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভর্তি আবেদনের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন