PRB Post

১১ আগস্ট, ২০২৬, ৭:২৯ PMখেলাধুলা

দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

PRB Post

১১ আগস্ট, ২০২৬ এ ৭:২৯ PM2 মিনিট পড়া

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই রিটেইন করেছে তাকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকেও রিটেইন করেছে দুবাই।

গত বছর আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে নামেন মোস্তাফিজ। ওই আসরে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।

মোস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স সত্বেও গত আসরের এলিমিনেটর থেকে বাদ পড়ে দুবাই। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।

গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে দুবাই। সেখানে বোলারের কোনো ছবি বা নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি। ওই বোলিং অ্যাকশনের ক্যাপশনে দুবাই লিখেছিল, ‘ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ-হাতি বোলার।’ এরপর থেকে ওই ছবির কমেন্টে বাংলাদেশের সমর্থকরা লিখতে থাকেন- এটি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ।

অবশেষে আজ মঙ্গলবার আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরের জন্য দলগুলো ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাইয়ের স্কোয়াডে মোস্তাফিজের নাম আছে।

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে দুবাই।

নিলামের আগে অন্য দুই বাংলাদেশী ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স ও এমআই এমিরেটস। গত আসরে শারজাহ’র হয়ে তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট ও এমআই’র হয়ে সাকিব ১১৫ রান ও ৩ উইকেট শিকার করেছিলেন।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন