PRB Post

১২ আগস্ট, ২০২৬, ৭:২২ PMখেলাধুলা

বিশ্বকাপের ফরম্যাট নিয়ে দুই সহযোগী দেশ ক্ষুব্ধ

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ৭:২২ PM2 মিনিট পড়া

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ফরম্যাট নিয়ে দুই সহযোগী দেশ ক্ষুব্ধ

২০২৭ বিশ্বকাপের এখনও ১৮ মাস বাকি। সেই আসর নিয়ে আইসিসিকে তোপ দাগল দুই সহযোগী সদস্য। তাদের দাবি, আচমকা যোগ্যতা অর্জন পর্বের নিয়ম পাল্টে তাদের বিপদে ফেলেছে আইসিসি। ওয়ানডে বিশ্বকাপের কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড)।

গত মাসে স্কটল্যান্ডে আইসিসির বার্ষিক সাধারণ সভার পর ওয়ানডের পাশাপাশি টি২০ বিশ্বকাপের ফরম্যাটও বদলে ফেলার ঘোষণা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ১০ থেকে ১৪টি করা হলেও সব দল বিশ্বকাপের মূল স্রোতে শামিল হতে পারবে না। নতুন কাঠামো অনুযায়ী ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিন দলের মধ্যে একটি ‘সুপার সিরিজ’ হবে। এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্বে ১২ দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।

আইসিসির এ সিদ্ধান্তের প্রতিবাদ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। দুই দেশ জানিয়েছে, প্রতিযোগিতার ১৮ মাস আগে এমন গুরুত্বপূর্ণ পরিবর্তনে তারা ভীষণ হতাশ। সহযোগী দেশগুলো যে উন্নতি করেছে, এই ফরম্যাটে সেটিকে ছোট করে দেখা হচ্ছে। উঠতি দেশগুলোর সুযোগও কমে গেছে। যে সময় ক্রিকেটের প্রচার বাড়ানো হচ্ছে, নতুন দর্শক টানার চেষ্টা হচ্ছে এবং আন্তর্জাতিক খেলাধুলায় শক্তিশালী জায়গা বানানোর চেষ্টা চলছে, তখন উঠতি দেশগুলোর কাছে সুযোগ কমিয়ে দেওয়া ভুল বার্তা দিচ্ছে বিশ্বকে।

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত
২০২৭ বিশ্বকাপ বাছাই প্রক্রিয়ার শুরুতে আইসিসি বলেছিল, ২০২৭ সালের ৩১ মার্চ হবে র‍্যাঙ্কিংয়ের কাটঅফ টাইম। কিন্তু সম্প্রতি তারিখটা এগিয়ে এনেছে আইসিসি। নতুন কাটঅফ ডেট আগামী ৩০ সেপ্টেম্বর। আর এতেই সরাসরি বিশ্বকাপ খেলাটা অনিশ্চিত হয়ে গেছে উইন্ডিজের। উল্টো দিকে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলাটা একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে। ফলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথ হারিয়ে এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে নেমে গেল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ।

বেরফাস্টে গত সোমবার রাতে আফগানিস্তান-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের পর ক্যারিবীয়দের বাছাইপর্বে নেমে যাওয়া নিশ্চিত হয়ে যায়। ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হয়েছিল তাদের। বাছাইপর্ব উতরে ২০১৯ বিশ্বকাপে খেললেও ২০২৩ বিশ্বকাপে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন