PRB Post

৭ আগস্ট, ২০২৬, ১১:৫৫ AMখেলাধুলা

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি উয়েফা

PRB Post

৭ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি উয়েফা

ডেস্ক নিউজ

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেনি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিশ্ব ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমা চাইলেও তাতে সন্তুষ্ট হয়নি উয়েফা।

মরক্কোর রাবাতে বুধবার উচ্চপর্যায়ের নেতাদের বৈঠকের পর ফিফার ওই পরিকল্পনাকে ভুল সিদ্ধান্ত হিসেবে স্বীকার করা হয়। তবে ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। এর আগে ফিফার বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিকীকরণ পরিকল্পনার প্রতিবাদে উয়েফার সদস্য দেশগুলো সব ফিফা টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দিয়েছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উয়েফা জানায়, ফিফা প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। প্রধান প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার এবং ভবিষ্যতে ফুটবলকে এ ধরনের বিতর্কিত পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না করার নিশ্চয়তা—এই দুটি শর্ত পূরণ করতে হবে।

উয়েফা আরও জানায়, এসব শর্ত এখনো পূরণ হয়নি। ফলে ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর যে অবস্থান তারা আগে জানিয়েছিল, সেটিও অপরিবর্তিত রয়েছে।

ফিফার জরুরি বৈঠকের সমালোচনা করে উয়েফা বলেছে, ইনফান্তিনোর অধীনে কর্মরত কিছু ব্যক্তি তার সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়ায় মূল পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

এদিকে ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো তার বিরুদ্ধে সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে।

অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, চলমান সংকট বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

আরও পড়ুন