PRB Post

২১ আগস্ট, ২০২৬, ১:৪০ PMসারাদেশ

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

PRB Post

২১ আগস্ট, ২০২৬ এ ১:৪০ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৪ আগস্টের ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি জামালপুরে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় ইদ্রিস আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এর আগে গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো জাহাজের ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকেরা। ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়। সবশেষ ইদ্রিস আলীর মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

দুর্ঘটনার পর আহত আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য, বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে কর্তব্যকাজে অবহেলা এবং যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করার অভিযোগে ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এছাড়া নিহত ১০ শ্রমিকের মধ্যে আগের নয়জনের আটজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং একাধিক তদন্ত কমিটি কাজ করছে।

এদিকে দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড।

আরও পড়ুন