PRB Post

২৪ আগস্ট, ২০২৬, ৩:১৩ PMরাজনীতি

বিএনপির মিডিয়া সেলের সদস্য তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি

PRB Post

২৪ আগস্ট, ২০২৬ এ ৩:১৩ PM2 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মিডিয়া সেলের সদস্য তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যমে আগের রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেলের কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়গুলোকে পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ বিএনপি মিডিয়া সেলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ বা দায়িত্ব ব্যবহার করে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সংশ্লিষ্টতা থাকবে না। একই সঙ্গে সেলের অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা থাকবে না।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায়, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে তানিম সুফিয়ানী বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন