বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার (২৫ আগস্ট) শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১২২। এ মাত্রার বায়ুকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সকালে রাজধানীতে বৃষ্টি হলেও বায়ুর মান পুরোপুরি স্বাভাবিক হয়নি।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কুচিং। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
এরপরের অবস্থানগুলোতে রয়েছে পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চিলির রাজধানী সান্তিয়াগো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমানকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
সে হিসাবে মঙ্গলবার সকালে ঢাকার ১২২ স্কোরের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে আইকিউএয়ারের সূচক।
