PRB Post

১১ আগস্ট, ২০২৬, ১১:৫৫ AMখেলাধুলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ

PRB Post

১১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ

দীর্ঘদিনের অপেক্ষা ও হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে টাইগাররা। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব।

বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। এর মধ্যে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এই হিসাবের বাইরে থাকায় র‍্যাংকিংয়ের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় তাদের সঙ্গে র‍্যাংকিংয়ের পরবর্তী দলগুলোর মধ্য থেকেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।

বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর র‍্যাংকিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশের অবস্থানও নিরাপদ হয়ে যায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে।

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের আরও দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ নেই ক্যারিবীয়দের। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

অন্যদিকে, বাছাইপর্বের ঝামেলা ছাড়াই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

আরও পড়ুন